টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

নিহত বাবা ও ছেলে
নিহত বাবা ও ছেলে | ছবি: এখন টিভি
0

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (১২)। তাদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁসংলগ্ন মহাসড়কে হাটার সময় বাবা ও ছেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দু’জনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন:

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তপন চন্দ্র দাসও মারা যান।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘নিহত ছেলের মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার প্রক্রিয়া চলছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

এসএইচ