সিদ্ধিরগঞ্জে বাড়ির গ্রিল কেটে ডাকাতির অভিযোগ

নারায়ণগঞ্জে ডাকাতি হওয়া সেই বাড়ির ছবি
নারায়ণগঞ্জে ডাকাতি হওয়া সেই বাড়ির ছবি | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামের এক ব্যক্তির পাকা বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

তিনি জানান, ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন:

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে— ডাকাতদলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাতে কল করে পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়। এছাড়া এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ