শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তি
গ্রেপ্তার ব্যক্তি | ছবি: এখন টিভি
0

শেরপুরে ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড়া মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা, ভাতশালা ইউনিয়ন, শেরপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অধিক লাভের লোভ দেখিয়ে প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করেন। এরপর থেকে তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখে টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন।

পরে এ ঘটনায় ১১ জন ভুক্তভোগী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গোপন সংবাদে পৌরসভাধীন দিঘারপাড় মহল্লা থেকে রমজান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে এ রমজানকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বহু ভুক্তভোগী শেরপুর সদর থানায় ভিড় করেন এবং তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রমজান আলীকে আটকের পর থেকেই সাধারণ মানুষ থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ