কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে | ছবি: এখন টিভি
0

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) কমিটি ঘোষণার পর আজ (সোমবার, ৩১ আগস্ট) কলেজ প্রাঙ্গণে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

এর আগে, রোববার রাতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে ওমর ফারুককে এবং সহ-সভাপতি করা হয়েছে জাকির হোসেন নাইমকে। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে।

কিন্তু কমিটি ঘোষণার পরেই ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা। রাতেই কলেজ ছাত্রদলের একাংশের নেতারা এই কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেন।

পরে আজ সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতরা অবস্থান নিয়ে মিছিল স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৪জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, ‘যারা দীর্ঘদিন ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে রাজপথে সামনের সারিতে ছিলেন তাদের অনেকেই কমিটি থেকে বাদ পড়েছেন। অপরদিকে, দলীয় কর্মকাণ্ডে তেমন সক্রিয় ছিলেন না, এমন অনেকেও কমিটিতে স্থান পেয়েছেন। ফলে পদবঞ্চিতদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। দুপুরে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়েই ক্যাম্পাসে এসে তাদেরকে নিভৃত করার চেষ্টা করেছি। এরই মধ্যে সংঘর্ষে দু-একজন আহত হয়েছেন।’

জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘কলেজে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে একজনের মাথা ফেটে যাওয়ার খবর পেয়েছি।’

এসএইচ