চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় কিয়াইকতোর কাছে মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে মিয়ানমার এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের (১৮ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৬ দশমিক শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানায় অধিদপ্তর। আরও জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ দিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয় বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।

এসএইচ