কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, গত ৬ এপ্রিল (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে ক্লেভেরাক এলাকার স্টেট রুট ৯এইচ-এ এই ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রবাসের মাটিতে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে নিউইয়র্ক ও আলবানি অঞ্চলের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বাংলাদেশিরা হলেন, লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিম।
আরও পড়ুন:
শেরিফ অফিস জানায়, নাজমুল রুবেল নিজেই গাড়িটি চালিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যান উইক লেনের কাছে অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেন্ট্রাল লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিলো যে, নাজমুল রুবেলসহ গাড়িতে থাকা মোহাম্মদ হেরামন ও ফাহিম হালিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় টয়োটা প্রিয়াসে থাকা ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তার গুরুতর আহত হন। তাকে দ্রুত আলবানি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে গাড়িতে থাকা এক বছর বয়সী এক শিশু কন্যাকে লাইফ সাপোর্টের মাধ্যমে হাসপাতালে নেয়া হয়েছে এবং তার অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে, অপর গাড়িটির (টয়োটা ক্রাউন) যাত্রী ৬২ বছর বয়সী জুলিয়া রিচি নামের এক নারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন। ওই গাড়ির চালক ২৪ বছর বয়সী লুক পালভেনিয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
শেরিফ অফিস এবং দুর্ঘটনা তদন্তকারী বিশেষ দল বর্তমানে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে।





