ইরান যুদ্ধে না সাড়া দেয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সামরিক জোটের সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমালোচনা করে তাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন। ইরান যুদ্ধে অংশ নিতে ব্যর্থ হওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের আহ্বান জানানোর পর তা না করায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ। তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’

তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধ এখন সামরিকভাবে জয়ী এবং এতে মিত্র দেশগুলোর জন্য ঝুঁকি খুবই কম। তা সত্ত্বেও তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে, অথচ তেলের দাম বাড়ার একমাত্র কারণ যে হরমুজ প্রণালি—তা উন্মুক্ত করতে কোনো সাহায্য করছে না।

আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্পের মতে, এটি একটি সাধারণ সামরিক কৌশল, যা মিত্রদের জন্য অত্যন্ত সহজ ও ঝুঁকিমুক্ত ছিল। তার পরও ন্যাটো দেশগুলো সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

পোস্টের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এত কম ঝুঁকিতে তাদের জন্য এটি করা খুবই সহজ ছিল। কাপুরুষেরা, আমরা এটি মনে রাখবো!’

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান নিয়ে গত এক সপ্তাহ ধরে ট্রাম্প এবং মিত্র দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এএম