প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধকে কেন্দ্র করে আলোচনায় পাকিস্তান আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের বাজারে বড় অস্থিরতা তৈরি হওয়া এই সংঘাতে পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামীকাল (রোববার, ২৯ মার্চ) ইসলামাবাদে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক শুরু হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের সফরে ইসলামাবাদে আসছেন।
বিবৃতিতে বলা হয়, ২৯ থেকে ৩০ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং চার দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া সফররত পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করবেন। চলমান উত্তেজনা মোকাবিলায় একটি সমন্বিত আঞ্চলিক অবস্থান তৈরির পাশাপাশি কৌশলগত সম্পর্ক গভীর করার বিষয়ে সমন্বয় করাই এই বৈঠকের উদ্দেশ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।





