বিবিসির কাছে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইরান ইসলামাবাদের প্রথম দফার আলোচনায় সরল বিশ্বাস ও গুরুত্বের সঙ্গেই অংশ নিয়েছিল। তবে আলোচনার অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) তাদের গুরুত্ব ও সরল বিশ্বাসের অভাব দেখিয়েছে।’
এ সময় ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার অবস্থান পরিবর্তন এবং ‘যুদ্ধাপরাধের হুমকির’ বিষয়টিও উল্লেখ করেন। গত দুই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের দেয়া ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি মেনে না নেয়, তবে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেয়া হবে।’ মুখপাত্রের বক্তব্যে ট্রাম্পের সেই হুমকির প্রসঙ্গটিই উঠে এসেছে।
এদিকে মঙ্গলবার রাতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।





