দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বাড়ানোর ঘোষণা ফিলিপাইন-ভিয়েতনামের

ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে চুক্তি বিনিময়ের পর দুই দেশের শীর্ষ নেতারা
ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে চুক্তি বিনিময়ের পর দুই দেশের শীর্ষ নেতারা | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাজনৈতিক-নিরাপত্তা এবং সামুদ্রিক সুরক্ষা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিপাইন ও ভিয়েতনাম। দুই দেশ তাদের বর্তমান ‘কৌশলগত অংশীদারত্ব’ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে ‘উন্নত কৌশলগত অংশীদারত্বে’ (এনহ্যান্সড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) রূপান্তর করতে একমত হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (সোমবার, ১ জুন) ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম রোববার তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে ম্যানিলা পৌঁছান।

এই সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং কৌশলগত অংশীদারত্বের এক দশক পূর্তিকে বিশেষভাবে চিহ্নিত করেছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দেশ দুটি ঐক্যমত পোষণ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে সামুদ্রিক বিরোধ মীমাংসার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন:

বৈঠকে দুই প্রেসিডেন্ট রাজনৈতিক-নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং কৃষি ও শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বাধা দূর করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ার ব্যাপারেও তারা একমত হন।

কৃষি খাতে নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, ধান চাষ ও মৎস্য খাতের উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ম্যানিলা ও হ্যানয়। তথ্য আদান-প্রদান ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা বন্ধে দেশ দুটি কার্যকর পদক্ষেপ নিবে। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি বিনিময় করা হয়।

এএম