ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭, সৌদি আরবকে দায়ী করলো হুথি

সানায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অস্ত্র হাতে এক হুথি সদস্য
সানায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অস্ত্র হাতে এক হুথি সদস্য | ছবি: সংগৃহীত
0

ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজার এলাকায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জন্য সৌদি আরবের বিমানবাহিনীকে দায়ী করেছে হুথি। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, তাইজের কেন্দ্রীয় বাজারের কাছে একটি বাণিজ্যিক এলাকায় হামলাটি চালানো হয়। হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী এবং খাবারের বাক্স রাখা একটি ধ্বংস হওয়া গুদামের ছবি দেখানো হয়েছে। তবে হামলায় হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী জানিয়েছে, ওই এলাকায় হুথিদের একটি অস্ত্রভান্ডার ও কয়েকটি যানবাহন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব সরকারি বাহিনীকে সৌদি আরব সমর্থন করে।

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় লড়াই চলছে। ইরানের সঙ্গে যুদ্ধের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। নতুন করে শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হুথি দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আরব প্রায় দুই ডজন হামলা চালিয়েছে। নতুন করে সংঘাত শুরুর পর থেকে সৌদি হামলার সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে বলেও দাবি করেছে তারা।

এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলেও হুথিদের হামলার আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। খামিস মুশাইত ও আবহা এলাকায় সাম্প্রতিক সময়ে সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এএম