প্যারিসের শহরতলিতে বন্দুকধারীর হামলা; নিহত ১, আহত অন্তত ৪

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে
ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে | ছবি: বিবিসি
0

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি শহরতলিতে চলন্ত গাড়ি থেকে চালানো গুলিতে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার সকালে প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলি ত্রাপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ত্রাপের মেয়র আলী রাবেহ জানান, এক ব্যক্তি নিজের গাড়ি থেকে আশপাশে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকরনু ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

ঘটনার তদন্তভার গ্রহণ করেছে দেশটির সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরদের দপ্তর ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট প্রসিকিউটরস অফিস (পিএনএটি)। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে খতিয়ে দেখছে।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এএম