ভোট গণনা শেষের পরেও পশ্চিমবঙ্গে থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কেন্দ্রীয় বাহিনীর টহল
কেন্দ্রীয় বাহিনীর টহল | ছবি: এখন টিভি
0

মোট দুই দফায় পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট নেয়া হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং শেষ দফার ভোট ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা। কিন্তু রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার আশঙ্কার কথা মাথায় রেখেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও গোটা রাজ্যে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (অস্ত্রধারী) মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।

ভোট নির্বিঘ্নে অবাধ ও শান্তিপূর্ণ করতে এরইমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কমিশনের কড়া নজরদারিতে এবার ভোট হবে। সেই বিষয়টি মাথায় রেখেই দুই হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।

এক কোম্পানিতে ৯০ থেকে ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকে। সেক্ষেত্রে প্রায় দুই লাখ ৫০ হাজারের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যা রাজ্যের নির্বাচনের ইতিহাসে সর্বাধিক। এরইমধ্যেই ৪৮০ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি সদস্যদেরও মোতায়েন করা হবে।

আরও পড়ুন:

সাধারণত ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী তুলে নেয়া হয়। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে ভোট পরবর্তী সহিংসতার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। ৪ মার্চ ভোট গণনার পরেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে পারে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৯ এপ্রিল দ্বিতীয় (শেষ) দফার ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক হাজার ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নেয়া হবে। সেক্ষেত্রে কেবলমাত্র স্ট্রংরুম (ভোট বাক্স যেখানে থাকে) এবং ভোট গণনা কেন্দ্র পাহারা দেয়ার জন্য ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেয়া হবে এবং ভোট গণনা না হওয়া পর্যন্ত তারা রাজ্যটিতে থাকবে।

আর ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভোট গণনার শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মোতায়েন থাকবে- লক্ষ্য একটাই, ভোটের পর যে দলই সরকারে আসুক না কেন- ভোট পরবর্তী সহিংসতা বা কোনো রকম অপ্রীতিকর যাতে না ঘটে তা নিশ্চিত করা।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গের সঙ্গেই নির্বাচন হচ্ছে ভারতের তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে। এগুলি হলো আসাম, তামিললাড়ু, কেরল ও পুদুচেরি।

তামিলনাড়ু, কেরল ও পুদুচুরিতে একটিমাত্র দফায় আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ। আসামে একটি মাত্র দফায় আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। ভোট গণনা ৪ মে।

তবে নির্বাচন পরবর্তী সহিংসতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নজির দীর্ঘদিনের। এমনকি ২০২৪ সালের শেষ লোকসভা নির্বাচনের পরেও রাজ্যজুড়ে ভোট পরবর্তী সহিংসায় বেশ কয়েকজনের প্রাণ যায়। স্বাভাবিকভাবে এক্ষেত্রে জিরো টলারেন্স নিয়েছে নির্বাচন কমিশন।

এসএস