তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টে জামিনে মুক্ত

সোহাগী জাহান তনু, হাফিজুর রহমান
সোহাগী জাহান তনু, হাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিট কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে গত রোববার (২ আগস্ট) মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।

এর আগে দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

আরও পড়ুন:

পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘হাইকোর্টের জামিনের পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের সময় সব আনুষ্ঠানিকতা শেষে তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত তারা সদস্য হাফিজুর রহমানকে মুক্তি দেয়া হয়।’

এসএস