শপলা চত্বর হত্যাযজ্ঞ: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে পহেলা নভেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি : সংগৃহীত
1

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ৭ অক্টোবর) আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সকালে হাসানুল হক ইনু, দীপু মনি, শাহরিয়ার কবিরসহ গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ এই শুনানি হওয়ার কথা ছিল।

তবে শুনানির প্রস্তুতি নেয়ার জন্য আদালতের কাছে সময়ের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন।

এর আগে, গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, দীপু মনি, হাসানুল হক ইনু, শাহরিয়ার কবিরসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্তের কথা জানানো হয়েছে। মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

এদিকে, কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।

এফএস