দৌলতদিয়ায় নদীতে যাত্রীবাহী বাস; ঘটনাস্থলে উদ্ধারকারী ‘হামজা’

দৌলতদিয়া ঘাটে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার দৃশ্য
দৌলতদিয়া ঘাটে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার দৃশ্য | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন।

বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। তবে আধাঘণ্টায়ও কোনো যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।’

তিনি বলেন, ‘ফেরি থেকে নামার সময় এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে পড়ে গেছে। ডিসি পয়েন্টে পড়ে গেছে। যতদূর জানতে পারছি ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। আমাদের ডুবুরি টিম কাজ করতেছে, উদ্ধারকারী জাহাজ হামজা চলে আসছে, ওরাও কাজ করতেছে। আমাদের ডুবুরিরা ফরিদপুর থেকে আসছে, ওরাও কাজ করতেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। উদ্ধার এখনো শেষ হয়নি, ডুবুরিরা ভেতরে নামছে কাজ করতেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

তবে দুর্ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েকজন যাত্রী নদীতে তলিয়ে গেছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এসএস