দুর্বল আওয়ামী লীগ হয়ে ওঠাই বিএনপির নিয়তি: জামায়াত আমির

সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে আমির
সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে আমির | ছবি: এখন টিভি
1

দুর্বল আওয়ামী লীগ হয়ে ওঠাই বিএনপির নিয়তি— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া গণরায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচারমুক্ত হবে না বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেছেন, জনগণের বিপুল রায় বাস্তবায়ন না হলে দেশে প্রকৃত পরিবর্তন আসবে না।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামির সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাসহ সমাবেশে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এ জুলাই আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আর তখন দেশে ফাইনালি ফ্যাসিবাদের কবর হবে। শুভবুদ্ধির উদয় হোক, সত্তর ভাগ জনগণের রায় মেনে নিন। গণভোটের রায় বাস্তবায়ন করুণ। যদি না কারণে আমাদের সংগ্রাম সংসদেও চলবে, বাহিরেও চলবে।’ এছাড়া প্রয়োজনীয় আইন সংস্কার না হওয়ায় দেশে এখন ফ্যাসিবাদী কাঠামো বহাল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘সংস্কার প্রশ্নে আগের অবস্থান অস্বীকার করে বিভিন্ন কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বিএনপি।’

নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার বর্তমানে যে পরিমাণে অজনপ্রিয় হয়েছে। আমরা জানি না এ সরকার আগামী ৬ মাসে কী অবস্থা হবে। আমরা দেশে কোনো অশান্তি চাই না। আমরা চাই জুলাই সনদকে স্বীকৃতি।’

এদিকে মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বিএনপির রাজনীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘দলটি এখন দ্বিচারিতার রাজনীতিতে টিকে আছে। এভাবেই যদি আপনাদের চলতে থাকেন। তাহলে জুলাই যোদ্ধার ও জুলাইয়ের শহিদের পরিবার আবারও আন্দোলনের মতো আরেকটা আন্দোলনে নামবে।’

আরও পড়ুন:

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘নির্বাচনের পরও গণরায় বাস্তবায়ন না হওয়ায় হতাশা তৈরি হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘৫ কোটি মানুষ “হ্যা” ভোট দিয়ে আপনাদের “নোট অব ডিসেন্ট”কে খারিজ করে দিয়েছে। ৫ কোটি মানুষের কাছে আপনাদের “নোট অব ডিসেন্ট” নাই। গণভোটে যে ৪টি বার্তা আছে সেখানেও “নোট অব ডিসেন্ট” নাই। আর এর অর্থ হলো আপনাদের গণভোটের পুরো রায় মানতে হবে।’

সমাবেশে উপস্থিত জুলাই শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বর্তমান সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে। গণভোটের ফল বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন শুরু হতে পারে বলে হুঁশিয়ারিও দেন তারা।

জুলাই শহিদ পরিবারের সদস্যদের মধ্যে একজন বলেন, ‘এতো রক্তের পর আপনি যে চেয়ারে বসেছেন, সে চেয়ারের সঙ্গে বেইমানি কইরেন না।’ জুলাই সনদ নিয়ে গড়িমসি না করে তা যেন বাস্তবায়ন করা হয় এমনটাই দাবি জুলাই শহিদ পরিবারের সদস্যদের।

জেআর