নাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেন জামায়াত আমির

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম ঘোষণা করেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কর্মী সমাবেশ অনুষ্ঠানে জামায়েত আমির অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ ঈদগাহ মাঠে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘চব্বিশে গণঅভ্যুত্থান হয়েছিল বলেই ২৬ শে নির্বাচন হয়েছে। তবে ক্ষমতায় গিয়ে বিএনপি গণঅভ্যুত্থানের গণভোটকে অস্বীকার করছে।’

এসময় তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেয়া হবে না।

তিনি বলেন, ‘অভাবের কারণে ভিক্ষা করা জায়েজ হলেও চুরি, চাঁদাবাজি ও অন্যের সম্পদের ওপর অবৈধ দখল সর্বাবস্থায় হারাম। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলো, শুধু তাদের হাতবদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।’

তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেয়ার জোর দাবি জানান।

জেআর