​আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনি অফিস উদ্বোধন; সিন্ডিকেটমুক্ত রাখার প্রত্যয়

নির্বাচনি অফিস উদ্বোধন
নির্বাচনি অফিস উদ্বোধন | ছবি: সংগৃহীত
0

আসন্ন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনি প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রন্টের নেতারা সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও সদস্যবান্ধব আটাব গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আজ (সোমবার , ২২ জুন) বাদ আছর নয়াপল্টনের সাংগ্রীলা ইন (সাবেক লা লুনা) রেস্টুরেন্টে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আটাবের সাবেক শীর্ষ নেতারা, সাধারণ সদস্য এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। অফিস উদ্বোধনের পর ফ্রন্টের প্রার্থীদের সাফল্য, আটাব সদস্যদের কল্যাণ এবং ট্রাভেল খাতের উন্নতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, ‘তারা একটি বৈষম্যহীন ও ব্যবসাবান্ধব আটাব গড়ে তুলতে চান, যেখানে ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর অধিকার নিশ্চিত হবে।’

তিনি নির্বাচনে ফ্রন্টের পূর্ণ প্যানেলের পক্ষে সদস্যদের সমর্থন ও ভোট কামনা করেন।

আটাবের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে।’

আরও পড়ুন:

তিনি এবারের নির্বাচনকে সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে উল্লেখ করে সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচারের সমালোচনা করেন। তিনি সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আটাবের উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।

সাবেক ইসি সদস্য দিদারুল হক ট্রাভেল খাতের বিভিন্ন অনিয়ম ও তদারকির ঘাটতির কথা তুলে ধরে বলেন, একটি বিশেষ গোষ্ঠী পুরো খাতকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি এসব অপতৎপরতা প্রতিরোধে সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এ.এস.এম. ইব্রাহীমও ফ্রন্টের প্রার্থীদের পক্ষে ভোট ও দোয়া চান। এসময় উপস্থিত সদস্যরা হাত তুলে ফ্রন্টের প্রতি সমর্থন জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটাবের সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মো. সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ এবং গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদারসহ আটাবের বিপুলসংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ী।

এসএস