দলবদলের এই শেষ সময়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নাম হুলিয়ান আলভারেজ। ২৬ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা ক্লাব ছাড়তে চাইলেও তাকে বার্সেলোনার কাছে বিক্রি করতে নারাজ আতলেতিকো।
অন্যদিকে, দীর্ঘদিনের আগ্রহ থেকে ১৫০ মিলিয়ন ইউরোতে আলভারেজকে ডেরায় ভেড়াতে আলোচনার টেবিল গরম রাখছে আর্সেনাল।
চেলসি থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফি-তে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাতে পারেন আরেক আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। রদ্রি ও বার্নার্দো সিলভাদের বিদায়ে সিটির মাঝমাঠে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতে এনজো মারেস্কার মূল পছন্দই এখন তিনি।
এনজো সিটিতে যোগ দিলে তার বিকল্প হিসেবে প্রস্তুতি সেরে রাখছে চেলসি। ফরাসি ক্লাব মোনাকো থেকে সেনেগালের তরুণ মিডফিল্ডার লামিন কামারাকে স্ট্যামফোর্ড ব্রিজে উড়িয়ে আনার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়েছে ব্লুরা।
লিভারপুলের ডাচ উইঙ্গার কোডি গাকপোকে কিনতে সরাসরি আলোচনা শুরু করেছে ম্যানচেস্টার সিটি, ৮৫ মিলিয়ন পাউন্ডের এই প্রস্তাবে রাজি খেলোয়াড় নিজেও।
তবে লিভারপুল আক্রমণভাগের নতুন বিকল্প চূড়ান্ত না করা পর্যন্ত এই ট্রান্সফারে সায় দিচ্ছে না। রেসে রয়েছে টটেনহ্যামও। গাকপোর বিদায়ের সম্ভাবনায় লিভারপুল চোখ রেখেছে ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ রাইট-উইঙ্গার ইসমাইলা সারের ওপর।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড জোশুয়া জার্কজি ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসে যোগ দিতে পারেন।
ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ক্লাবগুলোর দৌড়ঝাঁপ ততই বাড়ছে। শেষ মুহুর্তের দলবদলের এই নাটকীয়তায় কোন খেলোয়াড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেন, সেটাই এখন দেখার অপেক্ষা।





