ক্ষতিগ্রস্তদের সহায়তায়-কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা প্রতিমন্ত্রী আজাদের

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | ছবি: এখন টিভি
0

ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, আমার একটা বার্তা হলো শিলাবৃষ্টিতে যেমন কোনো দল-ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দল মত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে।

আজ (শনিবার, ১১ এপ্রিল) দুপুরে তার নির্বাচনি এলাকা পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঝড়োবষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার, চাল ও ঢেউটিন বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনি ইশতেহারে যা যা বলেছি, তার সবকয়টি বাস্তবায়ন করা হবে। আমরা সবার সহযোগিতা চাই।’

আরও পড়ুন:

পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০টি পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

এর আগে, পঞ্চগড়ের বোদা উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন করে নেশা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান “জিরো টলারেন্স”।’

এসএইচ