পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

অভিযুক্তিআবুল কাশেম
অভিযুক্তিআবুল কাশেম | ছবি : এখন টিভি
0

পাবনার আতাইকুলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ (সোমবার, ১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারা রাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল (রোববার, ১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

এদিকে, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।

এফএস