নিহতরা হলেন— মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন— পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারে ২ সদস্য পাখি বেগম (৫৫), রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
আরও পড়ুন:
আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দু’টি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, এবিসি আঞ্চলিক মহাসড়কের মৌলভী পাড়া থেকে টইটং বাজার অংশে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা।




