নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেলে বিলের পানিতে মাছ ধরতে নামে একদল মানুষ। এসময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর আগে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিকেলে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।





