জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ ফেনীতে আটক যুবক

পুলিশের হেফাজতে আটক যুবক
পুলিশের হেফাজতে আটক যুবক | ছবি: এখন টিভি
0

ফেনীতে লক্ষাধিক টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে জেলার শহরতলীর রানীরহাট থেকে তাকে আটক করা হয়।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানার রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১ হাজার, একশত ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, সে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল। এছাড়া সে ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিল। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে।

আরও পড়ুন:

এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে তার বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ। পুলিশ আরও জানায়, সে মূলত উচ্চশিক্ষিত হয়েও অল্প সময়ে অধিক লাভের আশায় এ অপরাধে জড়িয়ে পড়ে।

পরবর্তীতে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নস্থ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট জব্দ করে পুলিশ।

একইসঙ্গে সেখান থেকে জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এসএইচ