ইরানে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ স্কুলের অর্ধেকের বেশি সংস্কার সম্পন্ন

মার্কিন-ইসরাইলি হামলায় নিহত মিনাব স্কুলছাত্রীদের প্রতিকৃতি সম্বলিত শিল্পকর্মের সামনে
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত মিনাব স্কুলছাত্রীদের প্রতিকৃতি সম্বলিত শিল্পকর্মের সামনে | ছবি: সংগৃহীত
0

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে ৭৭৫টির মেরামত কাজ শেষ হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি আজ (বুধবার, ২২ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

শিক্ষামন্ত্রী জানান, যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে প্রায় ২০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমুজগান প্রদেশে। তিনি আশা প্রকাশ করেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে।

আরও পড়ুন:

আলিরেজা কাজেমি আরও বলেন, ‘হামলা সত্ত্বেও যুদ্ধ চলাকালীন শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি। সশরীরে অথবা ইরান টেলিভিশন স্কুল-এর মতো দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখা হয়েছে।’

এসময় শিক্ষামন্ত্রী মিনাবের শাজারেহ তাইয়্যেবাহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভার আয়োজনের কথা জানান। ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুলছাত্রী ও তাদের শিক্ষক। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সরকারের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এএম