বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না।’

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘অর্থনীতিবিদরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে।’ এটিকে তিনি তারেক রহমানের সরকারের অর্জন হিসেবে উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে পূজা-অর্চনায় অংশ নিতে এসেছেন। তারাও এবারের পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।’

রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হতো। বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়, এমন প্রচারণা চালানো হতো।’

এবারের দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘একটি সরকার জনবান্ধব ও দায়িত্বশীল হলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া তারই দৃষ্টান্ত।’

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে আজ থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ অব্যাহত রাখা হবে।’

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।—বাসস

এসএইচ