রামুতে অটোরিকশাতে মিনিট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

কক্সবাজারে রামুর খুনিয়াপালংয়ে অটোরিকশাতে মিনিট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিকেল ৪টায় শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক) রামু উপজেলার মির্জা আলীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন।

নিহতরা হলো— উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।

আহতরা হলো— একই এলাকার সরওয়ার আলম ফয়সালের স্ত্রী উম্মে হাবিবা বিউটি (২৬) ও তার মেয়ে শিশু ফায়জা বিনতে ফয়সাল (৬)। ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ সাঈদী (২৭) রাজাপালং ইউনিয়নের বাগনের পাহাড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:

স্থানীয়দের বরাতে পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ‘বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত এবং চালকসহ চারজন আহত হয়।

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। তাদের চমেকে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছলে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়েছে। আহত অপর দুইজন কক্সবাজারে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক আরও বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।’

এছাড়া নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ