কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ৬

ভেজাল প্রসাধনীসহ গ্রেপ্তার ৬
ভেজাল প্রসাধনীসহ গ্রেপ্তার ৬ | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ ও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট আনুমানিক ২ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার, ৭ মার্চ) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক সাগর, এসআই মো. জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ আনুমানিক এক লাখ সাত হাজার ৯৩০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মো. সোহেল রানা (৩৯), মো. আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মো. বাবু মন্ডল (৪০) এবং মো. রুহুল আমিন (৩৬) নামে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।

আরও পড়ুন:

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ আনুমানিক এক লাখ ৫১ হাজার ২৭০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল প্রসাধনী সংগ্রহ করে কুলাউড়ার বিভিন্ন দোকান ও গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করছিল।

তিনি জানান, এ ঘটনায় আটক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস