এর আগে, গতকাল (বুধবার, ২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই তরুণ। আজ সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের কর্মীরা অভিযুক্ত মোহাম্মদ আলীকে ধরে আনেন। বিকেলে তাকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়।
পরে পুলিশকে ঘটনা জানালে উপপরিদর্শক নোমান সাদেকিন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন:
পুলিশ জানায়, একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দিস্থ সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রিজের ওপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছেন।
নদীতে পড়ার পর কুকুরটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে ছিল। একপর্যায়ে কুকুরটি নদীতে ভেসে যেতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা হতে আটক করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন বলেন, ‘বৃহস্পতিবার সকালে “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামক ফেইসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আটক মোহাম্মদ আলী (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।





